বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 নভেম্বর 2026, 02:23 দুপুর • 3 বার পঠিত
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টনের দুই সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেইসবুক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। দীর্ঘ পোস্টে তিনি তার পদত্যাগের কারণ তুলে ধরেন।

জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সামান্তা শারমিন বলেন, ‘‘আমি মাত্রই পদত্যাগ করেছি। ফেইসবুকে লিখেছি বিস্তারিত।’’

ফেইসবুক পোস্টের শুরুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের প্রসঙ্গ টেনে তিনি লিখেন, “আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোন ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।

“গত ১১ মাস যাবৎ আমার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছি তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব প্রদান এবং তর্ক- বিতর্ক বা আলাপ- আলোচনা করেছি। যেহেতু সংগঠনে নানান চড়াই উৎরাই থাকে, সেখানে দল যদি ভুল পথে যায় সেই পথ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করা আমার রাজনৈতিক কর্তব্য ছিল।”

জামায়াতের সঙ্গে জোট করার কারণে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি সামান্তা শারমিন।

পদত্যাগের ঘোষণা দেওয়া দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘‘সেই কর্তব্য পালন করতে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামকেই বেছে নিয়েছিলাম। কারণ দলের গৃহীত নীতিসমূহকে স্বীকৃত ফোরামগুলোতে যুক্তিসঙ্গত উপায়ে চ্যালেঞ্জ করা ব্যতীত দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার ভিন্ন কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না। আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত এনসিপির প্রথম কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন সামান্তা শারমিন। নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের একদিন পর ২০২৫ সালের ২ মার্চ ২১৭ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়েছিল।

প্রতিষ্ঠার পৌনে দুই বছর পর গত ২৩ অক্টোবর ওই কমিটি পুনর্গঠন করা হয়, যাতে সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

এর দুই সপ্তাহের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

সামান্তার ভাষায়, “পদত্যাগ করার জন্য আমি হয়তো আরো উপযোগী সময়ের জন্য অপেক্ষা করতে পারতাম, যখন দলের কোনো একটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমার পদত্যাগকে মূল্যায়ন করা সহজ হতো কিন্তু আমি মনে করি এই অপেক্ষা অর্থহীন “

নিজ দলের প্রতি প্রশ্ন রেখে সদ্য পদত্যাগী এই যুগ্ম আহ্বায়ক লিখেন, ‘‘এনসিপি কখনো কখনো নানান ধরনের রাজনৈতিক ভূমিকা নিতেই পারে (এমনকি জামায়াতের সাথে জোট ত্যাগ করার মতো সিদ্ধান্ত) কিন্তু তবুও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচী তৈরি করতে পারবে বলে আমি মনে করি না।’’

তিনি বলেন, ‘‘দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না বরং বাধা হয়ে দাঁড়াবে।’’