রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘এমপির নেতৃত্বে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র’: মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2026, 08:14 সকাল • 4 বার পঠিত
‘এমপির নেতৃত্বে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র’: মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ

ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট এবং ভবন মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির দিকে আঙুল তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেছেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের এমপির নেতৃত্বে—যার স্বামী এই এলাকার কমিশনার ছিলেন একসময়, যার ভাই ছাত্রদলের সভাপতি ছিলেন একসময়; আমরা তাদের সেই সংগ্রামকে সম্মান করি।

“কিন্তু আমরা দেখলাম তার নেতৃত্বে ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, একটা মতন্ত্র কায়েম করা হলো।”

এমপি মিষ্টির ভাই প্রয়াত বিএনপি নেতা এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। তার স্বামী ছিলেন মিরপুরের সাবেক কমিশনার বিএনপি নেতা সাইদুর রহমান নিউটন।

পাঁচ দশক ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসা রাড্ডায় হামলা চালানো হয় বৃহস্পতিবার গভীর রাতে।

ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ’র একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান।

রোববার বেলা ১২ টার পর আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা রাড্ডার দায়িত্বরতদের সঙ্গে আলাপ করেন।

এ সময় সেখানে লাগানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র একটি সাইনবোর্ড ভেঙে ফেলেন এনসিপির কর্মীরা। আরেকটি সাইনবোর্ড কালো কালি দিয়ে মুছে দেন এবং একটি ব্যানার ছিঁড়ে ফেলেন।

পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, “এখানে আমরা ভেতরে দেখলাম যে, মেডিসিন, ইনজেকশন, ইকুইপমেন্ট—এই জিনিসগুলো পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে গরিব মানুষের গরিব বাচ্চাদের এই যে টিকা, এইটা লুট করে আপনারা কী প্রমাণ করতে চান?

“আপনারা ধনীদের থেকে চাঁদাবাজি করেন, ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করেন। ইসিবিতে আমরা দেখলাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে আপনারা গতকালকে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাইছেন। আপনারা এখানে গরিব বাচ্চাদের টিকাটা পর্যন্ত ছাড়েন নাই।”

গত ফেব্রুয়ারিতে ভোটে জিতে বিএনপি সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘মবের বিরুদ্ধে’ দেওয়া বক্তব্য স্মরণ করিয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “আমাদের লজ্জা হয়। আমরা দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ার পরে বলেছেন, ‘বাংলাদেশে আজ থেকে মবতন্ত্রের কবর রচনা করা হলো’। কিন্তু আমরা কী দেখলাম?

“মবতন্ত্র দিয়ে ঠিক তিনটা জায়গায় দুইদিনের মধ্যে একটা স্বাস্থ্য সেবা ক্লিনিক, একটা স্টুডিও আরেকটা প্রতিষ্ঠানের কবর রচনা করলেন। এই ঘটনার সাথে জড়িত কারা? আমরা দেখলাম সিসিটিভি ক্যামেরায়—পুলিশ এসে দাঁড়িয়ে ছিল।”

রাড্ডার ভবন এক্সকেভেটর দিয়ে ভাঙ্গা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “এখানে এক্সকেভেটর, ট্রাক আনা হয়েছে। একটা এক্সকেভেটর যখন আসে, পুলিশের স্বাভাবিক কার্যক্রম কী হওয়া উচিত? যে এই এক্সকেভেটরের এখানে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি আছে কি না।

“ঢাকা শহরে আমি যদি আমার বাড়িও ভাঙতে চাই এক্সকেভেটর দিয়ে; আমার পুলিশের অনুমতি নিতে হয়, সিটি করপোরেশনের অনুমতি নিতে হয়। তো পুলিশ এসে এখানে মবতন্ত্র যাতে কায়েম করতে পারে, এটা নিশ্চিত করেছে। যখন ভাঙচুর শুরু হয়েছে, তখন পুলিশ এখান থেকে হেঁটে চলে গেছে।”

এ ঘটনায় পুলিশ যে তৎপরতা দেখিয়েছে, সেটিকে বাংলা সিনেমার পুলিশের ভূমিকার সঙ্গে তুলনা করে এনসিপির নেতা আসিফ মাহমুদ বলেন, “আমরা এখন এসে দেখলাম—প্রবেশপথে পুলিশ, ভেতরে পুলিশ। ওই যে বাংলা ছায়াছবিতে একটা জিনিস আছে না যে, ঘটনা ঘটার পরে পুলিশ আসছে। তো এখানেও ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে পরিদর্শন করতে।”

অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আসন্ন ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী করার ঘোষণা দিয়েছে এনসিপি।

রাড্ডা এবং ইসিবি এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুরের ঘটনায় ‘নিরপেক্ষ তদন্ত কমিটি’ গঠনের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “যারা এটার সাথে জড়িত, যারা দায়িত্ব অবহেলা করেছে—সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।

“আমরা মনে করি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনা বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় পুলিশ সবার ঐক্যবদ্ধ এবং সংঘটিত একটা অপরাধ।”

তার ভাষ্য, “যদি আপনারা কোনো ধরনের বিচার এবং ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন।”

একইসঙ্গে দুটি ঘটনাতেই ‘উপযুক্ত ক্ষতিপূরণ’ দাবি করে আসিফ মাহমুদ বলেন, “উভয় জায়গায় ইভালুয়েট করে প্রপারলি যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে।

“এই বিল্ডিংটা আবার পুনর্নির্মাণ করে এখানে আবার স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করতে হবে।”