বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একরাতেই মাছ চাষির স্বপ্ন ভেঙে চুরমার

অনলাইন নিউজ পোর্টাল 14 নভেম্বর 2020, 11:42 রাত 178 বার পঠিত
একরাতেই মাছ চাষির স্বপ্ন ভেঙে চুরমার

মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এক রাতেই ভেঙে চুরমার হয়ে গেছে নেত্রকোনার আটপাড়ার দুই মাছ চাষির। আয়-রোজগারের সবটুকু দিয়ে গড়ে তোলা ফিসারিতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এখন মাথায় হাত চাষিদের ।
শনিবার উপজেলার টেঙ্গা গ্রামের খাইরুল ইসলামের তিনটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।

জানা যায়, হাওরাঞ্চল হওয়ায় এখানকার বেশিরভাগ কৃষক ধান, ভুট্টা, পাট চাষের পাশাপাশি মাছ চাষ করেন। তবে মাছের প্রতি বেশি আগ্রহ এখানকার কৃষকদের।

খাইরুল ও জহিরুল নামে দুই চাষি আটটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে। পুকুরগুলো তাদের আয়ের অন্যতম মাধ্যম।  

ফিসারির মালিক খায়রুল ও জহিরুল  জানান, আটটি পুকুরে রুই, কাতলা, পাবদা, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন। শনিবার সকালে প্রতিদিনের মতো ফিসারিতে মাছের খাদ্য দিতে গিয়ে দেখেন একটি পুকুরের সবগুলো মাছ মরে ভেসে আছে। পরে বাকি পুকুরগুলোর খোঁজ নিয়ে দেখেন আরো দুইটি পুকুরের অবস্থা একই রকম। তিনটি পুকুরে রাতের কোনো এক সময় কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পুকুরগুলোতে বিষ প্রয়োগের ফলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

আটপাড়া থানার ওসি আলী হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।