শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

এক দিন পর সোনার ভরি কমল ২,৭৪১ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2026, 11:01 দুপুর • 5 বার পঠিত
এক দিন পর সোনার ভরি কমল ২,৭৪১ টাকা

বিশ্ববাজারে সোনার দাম কমার মধ্যে দেশের বাজারেও দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগের চার দিনে তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে বৃহস্পতিবার এই মানের সোনার দাম উঠেছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়।

শুক্রবারের নতুন দরে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

কত কমল

বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ৪৫৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮০ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৯৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১৩ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর কার্যকরের আগে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমেছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল। এটি দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। ওই দিন আন্তর্জাতিক বাজারেও সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে রেকর্ড গড়েছিল।

এরপর থেকে দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় বাড়ানো ও কমানো হয়েছে।

বিশ্ববাজারেও কমেছে

বার্তা সংস্থা রয়টার্সের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭ ডলার ১৯ সেন্টে নেমে আসে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এ দর ছিল।

তেলের দাম আবার বাড়তে থাকায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় ধরে উঁচুতে রাখতে পারে—এমন প্রত্যাশাও তৈরি হয়েছে। এসব কারণে সোনার দামে চাপ তৈরি হয়েছে বলে ধারণা দিয়েছে রয়টার্স।

এর আগের দিন বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১০০ ডলার ২৭ সেন্টে উঠেছিল। যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফার হার কমে যাওয়ায় সোনার দাম বেড়েছিল।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।