শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদযাত্রায় পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায় 

মোহাম্মদ খাইরুল আমিন 09 জুলাই 2022, 12:00 দুপুর 503 বার পঠিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায় 

ঈদযাত্রায় পদ্মা সেতুর টোল আদায়ে রেকর্ড হলো। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩১ হাজার ৭২৩টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। আর তাতে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল থেকে আয় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমানের কাছ থেকে জানা যায়, ২৬ জুন পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর এটাই এক দিনে আদায় হওয়া সর্বোচ্চ টোল।

উল্লেখিত ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত থেকে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি সেতু পার হয়েছে। এইসব বাহন থেকে টোল উঠেছে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

এই সময়ে জাজিরা প্রান্ত থেকে ১২ হাজার ৫৬টি যানবাহন সেতু পার হয়। এই বাহনে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়। 

পদ্মা সেতু উদ্বোধন হয় গত ২৫ জুন। এরপর ২৬ জুন গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত হয়। চালু হওয়ার পর প্রথম ১২ দিনে এই সেতু দিয়ে ২ লাখ ৪৫ হাজারের বেশি গাড়ি পারাপার হয়। 

এবারের টোল আদায়ের রেকর্ড ভেঙেছে আগের রেকর্ড যেটি ছিল জুলাই মাসের প্রথম দিনে। সেদিন ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৬ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

আর সেতুতে যান চলাচলের প্রথম দিন ২৬ জুন মোট ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছিল। সেদিন সেতু পার হয়েছিল ৫১ হাজার ৩১৬টি যানবাহন।