ঈদে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হবে
করোনার ভয়াল থাবায় ভাসছে সারা দেশ। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় সরকারিভাবে কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরো সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এরপর ঈদের সময়টায় বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের তারিখ নির্ধারণে আগামী ১১ জুলাই সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ঈদ ২১ জুলাই ধরে সরকারি ছুটি ২০-২২ জুলাই মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন ধরা হয়েছে। এই হিসেবে সরকারি ছুটি থাকবে পাঁচ দিন। আর সেই ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে কি না, সেটি নিয়েও আলোচনা চলছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, চলতি কঠোর বিধিনিষেধ দিয়ে ১৪ দিনে সংক্রমণ ও মৃত্যু কমিয়ে এনে ঈদের সময়টায় সবকিছু শিথিল করার পরিকল্পনা রয়েছে সরকারের। যাতে ব্যবসায়ী, গণপরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি বা অন্যান্য পেশার মানুষ আনন্দে উৎসব করতে পারেন।