দুমড়ে মুচড়ে গেলো দুই ট্রাক, নিহত ১
বগুড়ার শেরপুরে মালবাহী দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (৭মার্চ) সোয়া সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সারবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-১৮-০৫৬৭) মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের (চট্ট মেট্টো ট-১১-৫১৮৭) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সম্মুখভাগ দুমরে-মুচড়ে যায়। সেইসঙ্গে উভয় ট্রাকের চালক-হেলপারসহ মোট ৪ জন আটকা পড়েন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। একপর্যায়ে ড্রিল মেশিনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করা হয়। এরই মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। আর অন্যদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তাৎক্ষণিক দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।
এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঢাকা-বগুড়া মহাসড়কের মধ্যে উল্টে থাকায় দেড় থেকে দুই ঘণ্টা যান চলাচল থাকে। এসময় মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দূরপাল্লার অসংখ্য যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুঘটনার পর কিছু সময়ের যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া মহাসড়কে এখন কোনো যানজটও নেই। তবে উদ্ধার অভিযান শেষ হলেও দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানান চেষ্টা করছি। সেইসঙ্গে মামলার প্রক্রিয়াও চলছে।