দুই বছরের মধ্যে করোনায় সর্বনিম্ন শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেক কমে এসেছে। গেল একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন রোগী। এই সংখ্যা গত দুই বছরের মধ্যে শনাক্তে সবচেয়ে কম। এই ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
আজ নিয়মিত আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্ত মিলেছে ওই ৩৬ জন।
এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শুন্য দশমিক ৭৮ শতাংশ ছিল।
২০২০ সালের ৬ এপ্রিল ৩৫ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এর চেয়ে নিচে নামেনি।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৩ জন রয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৮৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।