বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দৌলতদিয়ায় তীব্র জানজট

মোহাম্মদ খাইরুল আমিন 07 মে 2022, 12:53 দুপুর 653 বার পঠিত
দৌলতদিয়ায় তীব্র জানজট

ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তাই শুক্রবারের চেয়ে আজ শনিবার চাপ বেড়েছে কয়েকগুণ। তাতে করে ঢাকা-খুলনা মহাসড়কের ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের জট লেগে গেছে।

দক্ষিণাঞ্চল থেকে মানুষ দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা ও এর আশেপাশের কর্মস্থলে ফিরছেন। শুক্রবার রাত থেকে লেগেছে জট। ঘণ্টার পর ঘণ্টা তাই মানুষকে গাড়িতে বসে অপেক্ষা করতে হয়েছে এবং হচ্ছে।

দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে মানুষ আবার কাজে ফিরছেন। তাদের বাহন দূরপাল্লার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল। এছাড়াও ছোট ছোট বাহনে ভেঙে ভেঙে ফেরা যাত্রী আছেন। তারা সবাই দৌলতদিয়া ঘাট থেকে ফেরি বা লঞ্চে করে নদী পার হচ্ছেন। 

কিন্তু ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে এখন দীর্ঘ যানজট। তাই ফেরি পার হতে গাড়ীগুলোর অনেক ঘণ্টা পার হয়ে যাচ্ছে। কেউ রাত থেকে আটকা পড়েছেন, কেউ ভোর রাতে বা সকালে। তাদের এখন প্রচণ্ড এই গরমে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। 

বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ অবশ্য জানাচ্ছে, যাত্রী পারাপারের জন্য ২১টি ফেরি ও ২৩টি লঞ্চ চলাচল করছে। তবে তারাও স্বীকার করছে, শুক্রবার রাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে। অবশ্য চাপ সামলাতে তারা কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। ফেরি চলাচলে কোনো সমস্যাও সৃষ্টি হয়নি বলে জানায় তারা।