ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা
ধর্ষণবিরোধী বিক্ষোভে সারাদিন উত্তাল ছিল রাজধানী ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে— গণজমায়েত, মানববন্ধন ও মশাল মিছিল।
মঙ্গলবার (০৬ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, কাকরাইল মোড়, জাতীয় প্রেসক্লাব, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, উত্তরাসহ বিভিন্ন স্থানে সমবেত হন আন্দোলনকারীরা।
শাহবাগ মোড়ে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে গণজমায়েত করে ছাত্র ইউনিয়ন, সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কবি, লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।
কর্মসূচিতে যোগ দিয়ে কবি সৈকত আমিন বলেন, ধর্ষণ প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে এমন ব্যর্থ মন্ত্রণালয়ে আমরা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এমন কোন দেশ নাই যেখানে ধর্ষণ হয় না’। তার যদি লজ্জা থাকতো, তবে নাকে খত দিয়ে মন্ত্রণালয় থেকে তিনি বের হয়ে যেতেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, যুব সংগঠনের নেতাকর্মীরা জড়িত। এমন পরিস্থিতিতে ‘ধর্ষণ সব জায়গায় হয়’ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য প্রমাণ করে তিনি পুরোপুরি ব্যর্থ। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে আর দেখতে চাই না।