দেশে আরো ১০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে সরকার
দেশে নতুন করে আরো ১০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সভায় নতুন ১০টি অর্থনৈতিক অঞ্চলের স্থান অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেজা। নতুন ১০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে- ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, টাঙ্গাইলের ভূঞাপুরে টাঙ্গাইল অর্থনৈতিক অঞ্চল, নওগাঁয় সাপাহার অর্থনৈতিক অঞ্চল, দিনাজপুর সদরে দিনাজপুর অর্থনৈতিক অঞ্চল, নোয়াখালীর কোম্পানীগঞ্জে নোয়াখালী অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপ অর্থনৈতিক অঞ্চল, সুনামগঞ্জের ছাতকে সুনামগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, পাবনার বেড়ায় পাবনা অর্থনৈতিক অঞ্চল, বরিশালের হিজলায় চরমেঘা অর্থনৈতিক অঞ্চল এবং মানিকগঞ্জের শিবালয়ে মানিকগঞ্জ অর্থনৈতিক অঞ্চল।
বেজা জানায়, ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। ৯৩টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। তার মধ্যে বাস্তবায়নাধীন রয়েছে সরকারি-বেসরকারি ২৮টি অর্থনৈতিক অঞ্চল।