ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়িয়ে গেল
গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই একদিনে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ৮ জন নতুন ডেঙ্গু রোগী।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আজ ৯০০ ছাড়িয়ে গেল। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯০৯ জনের।
এই বছর দিনে দিনে বাড়তে থাকা এই রোগে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশ আগেই আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ৮১২ জন, ঢাকার বাইরের ২ হাজার ১৯৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার ৭ জন, ঢাকার বাইরের ৯ জন।
চলতি ২০২৩ সালে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন। এদের মধ্যে ঢাকার ৭৮ হাজার ৯১৫ জন, ঢাকার বাইরের ১ লাখ ৮ হাজার ৮১০ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন। এর মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৭৪ হাজার ৫১৮ জন, ঢাকার বাইরের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ এক হাজার ৮২৮ জন।