বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন

মোহাম্মদ খাইরুল আমিন 09 আগস্ট 2026, 01:46 দুপুর 40 বার পঠিত
ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ২ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে, এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এ রোগে মোট ৬১ জনের মৃত্যু হল।

এর মধ্যে চলতি অগাস্টেই প্রাণ গেছে ৭ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭২ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১১০ জন। ৯১ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে আরো ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগের মধ্যে বরিশালে ৮৪ জন, চট্টগ্রামে ৮৮ জন, খুলনায় ১৪০ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৫ এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১৯ হাজার ৩৪৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৪৪ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ জন মারা গেছে ডিএসসিসি এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ১০ জনের প্রাণহানি হয়েছে খুলনা বিভাগে।

এছাড়া ডিএনসিসি এলাকায় ৭ জন, বরিশাল বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ৫, ময়মনসিংহে ৬, রাজশাহীতে ৩ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে, রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।