মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২

মোহাম্মদ খাইরুল আমিন • 29 সেপ্টেম্বর 2026, 01:11 দুপুর • 5 বার পঠিত
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু ও এক হাজার ৯৪২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেল ১৪২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৮ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২২৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৭৮ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩ জন, চট্টগ্রামে ৩০১ জন, খুলনায় ২৬৪ জন, ময়মনসিংহে ১২০, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৫৬ ও সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫১ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ৭৭ হাজার ৬৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।