বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩৪ জন

মোহাম্মদ খাইরুল আমিন 10 সেপ্টেম্বর 2024, 07:41 বিকাল 356 বার পঠিত
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩৪ জন

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে, নতুন করে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২০৫ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।

এ নয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৯৩৮ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৬।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত ৭৯৮ জনের মধ্যে মৃত্যু হয়েছে আট জনের।

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। সেপ্টেম্বরের ১০ দিনে ৩ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।