ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় রোগী কমলেও মৃত্যু বেড়েছে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। কিন্তু এই একদিনে আগের দিনের তুলনায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১১৫ জন নতুন রোগী।
আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে ১১ জনের মৃত্যু হয়। আর ওই সময়ে হাসপাতালে ২৭৮২ জন নতুন রোগী ভর্তি হন।
চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও রোগটিতে মৃত্যুর সংখ্যা বেশ আগেই বিগত সব বছরের রেকর্ড মুছে দিয়েছে।
এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে। আর রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২২।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গোটা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি
হয়েছেন ৮৩৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এই সময়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, শেষ একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১০ জনের। ঢাকার বাইরে মারা গেছেন ৪ জন।
এই বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ১ লাখ ৩৮ হাজার ২২ জনের মধ্যে ঢাকার ৬৩ হাজার ২৭৩ জন। বাকি ৭৪ হাজার ৭৪৯ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১০৬ জন। এদের মধ্যে ৯২৬ জন ঢাকার, ঢাকার বাইরের ১ হাজার ১৮০ জন।
এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ২২৪ জন। এর ৫৮ হাজার ৮৪১ জন ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র পান। ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৬৯ হাজার ৩৮৩ জন।