বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 27 নভেম্বর 2025, 05:47 বিকাল 364 বার পঠিত
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৫৬৭ জন রোগী।

তাতে এ বছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৭৮৪ জনে। আর তাদের মধ্যে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া সাতজনের একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুইজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

চলতি নভেম্বর মাসে মোট ২২ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৯৪ জনের। এক মাসে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বর মাসে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জনের মৃত্যুও হয় ডেঙ্গুতে। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যু হয়নি।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।