বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৩৩

মোহাম্মদ খাইরুল আমিন 25 সেপ্টেম্বর 2023, 07:42 বিকাল 318 বার পঠিত
ডেঙ্গু: ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৩৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৯ জন মারা গেছেন। এই একদিনে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩ হাজার ৩৩ জন ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বছর দিনে দিনে বাড়তে থাকা এই রোগে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশ আগেই আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৯ জন ঢাকায় এবং ১০ জন ঢাকার বাইরে মারা গেছেন।

চলতি ২০২৩ সালে এ নিয়ে ডেঙ্গুতে মোট ৯২৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৬১২ জন, ঢাকার বাইরে ৩১৬ জন।
 
স্বাস্থ্য অধিদপ্তর আজ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ২৩২ জন।

এই সময়ে সারা দেশের হাসপাতাল থেকে মোট ৩ হাজার ৩৩৭ ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৯৬৪ জন, ঢাকার বাইরের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৩ জন। 

এই বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকায় আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৭১৬ জন, ঢাকার বাইরে ১ লাখ ১১ হাজার ৪২ জন।

সব মিলে এই বছর ১ লাখ ৭৯ হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ঢাকার হাসপাতাল থেকে ৭৫ হাজার ৪৮২ জন ছাড়পত্র পেয়েছেন, ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ চার হাজার ২০১ জন। 

বর্তমানে দেশের হাসপাতালগুলোয় মোট ১০ হাজার ১৪৭ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩ হাজার ৬২২ জন আছেন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ৬ হাজার ৫২৫ জন।