ড. ইউনূসের সামনে চ্যালেঞ্জের দীর্ঘ পথ: অমর্ত্য সেন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমি বাঙালি পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করি।’
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশে চলমান সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তিনি ইউনূসকে নিজের বন্ধু উল্লেখ করে বলেন, ‘তিনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিচ্ছেন, তবে অচলাবস্থা দূর করতে হলে তাকে আরও এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশের প্রতি অমর্ত্য সেনের অনুভূতি
অমর্ত্য সেন তার শৈশবের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি এবং সেখানেই আমার স্কুলজীবনের শুরু। পাশাপাশি, আমি মানিকগঞ্জে আমার পৈতৃক বাড়িতে নিয়মিত যেতাম। মায়ের দিক থেকে আমি বিক্রমপুরের সোনারাঙেও ঘন ঘন যেতাম। বাংলাদেশের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এই দেশ বর্তমান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করবে, তা নিয়ে আমি উদ্বিগ্ন।’
অমর্ত্য সেন আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সেনাশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেনি, যা অনেক দেশে দেখা যায়, তা প্রশংসার দাবিদার।’ তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করার পক্ষে মত দেন এবং বলেন, ‘এটি করলে অন্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ তোলে, তার পুনরাবৃত্তি ঘটবে।’
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মতামত
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে একপাশে ঠেলে না দিয়ে বাংলাদেশের উচিত, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। বাংলাদেশের ইতিহাসে বহুত্ববাদ ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার রয়েছে, যা টিকে থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন আগের তুলনায় আরও অবাধ ও নিরপেক্ষ হবে বলে আমি আশা করি। বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন, তবে আশাহীন নই।’
ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে মূল্যায়ন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, ‘ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত দক্ষ এবং অনেক দিক থেকে ব্যতিক্রমী এক ব্যক্তি। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যখন আপনি হঠাৎ করে একটি দেশের নেতৃত্বে আসেন, তখন বিভিন্ন গোষ্ঠীর মতামত বিবেচনা করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিভিন্ন ইসলামপন্থী দল রয়েছে, হিন্দু সম্প্রদায়েরও ভিন্ন মতাদর্শ রয়েছে। তবে আমি ইউনূসের দক্ষতার ওপর আস্থাশীল।’