চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
চট্টগ্রামের একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের এক যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের অভিযান চলছে। ইমনসহ মোট পাঁচজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।”
ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। পুলিশ বলছে, চট্টগ্রামে সাজ্জাদের হয়ে নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন ইমন।
সম্প্রতি চট্টগ্রামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবির ঘটনায় ইমনের নাম আসে।
বাকলিয়া এলাকায় 'ডিজিটাল ডট নেট' নামের একটি ইন্টারনেট সেবার কোম্পানির মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ৩০-৪০ জনের একটি দল ডিডিএন অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
ওই ঘটনার পর র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, আইএসপি প্রতিষ্ঠানে হামলাকারী ওই যুবকদের জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল। আর এর পেছনে ছিলেন ইমন।