চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের প্রাণ গেল
চট্টগ্রামে লরি চাপা পড়ে রিকশা আরোহী বাবা ও শিশু ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরেক ছেলে। ঘটনাটি ঘটেছে নগরীর বন্দরটিলা এলাকায়। আজ শনিবার সেখানকার একটা বিপণিকেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে। সময় তখন সকাল ১১টার মতো।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আবু সালেহ। ৩৮ বছর বয়সী ছিলেন তিনি। একই ঘটনায় তার সঙ্গে মারা গেছে তার ৫ বছর বয়সী ছেলে আব্দুল মোমিন। আহত ছেলেটির নাম মাহিত। বয়স ৪। তারা বন্দরটিলা আকমল আলী রোডে থাকেন বলে জানা যায়।
নিহত আবু সালেহ ইপিজেডের একটি গার্মেন্টসে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু সালেহ তার ছেলেকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এর পর লরির ধাক্কায় তারা চারজনই রাস্তায় ছিটকে পড়েন। রিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা যান। মাহিতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আবু সালেহর স্ত্রী জখম হননি। রিকশা চালকও তেমন চোট পাননি।
এই ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। লরিটি ভাঙচুরও করে।