বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে এখন পানি আর পানি

মোহাম্মদ খাইরুল আমিন 20 জুন 2022, 12:39 দুপুর 451 বার পঠিত
চট্টগ্রামে এখন পানি আর পানি

দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা। আর এদিকে বন্দরনগরী চট্টগ্রাম এখন পানির শহর। শহরজুড়ে শুধু পানি। এমনকি শহরটির মেয়র এম রেজাউল করিমের বাড়িতেও উঠান ছাড়িয়ে হাঁটু সমান পানি ঢুকে গেছে। রোববার রাতভর বৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকা বাদ দিলে এই শহরের সবখানে এখন পানি।  

এর মূল কারণ টানা ভারী বর্ষণ। নগরবাসীর অনেকে জানাচ্ছেন, এমন টানা জলাবদ্ধতা তারা কমই দেখেছেন। 

শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। বেশ ভারী বৃষ্টি। সেই রাত থেকে শহরের নিচু এলাকাগুলো পানিতে ডুবতে শুরু করে। পরের দিন শনিবার মূল সড়ক থেকে পানি সরে যায়। কিন্তু অলিগলি-বাসাবাড়িতে পানি ছিল। আর রোববার টানা বৃষ্টিতে ফের সব পথঘাট-ঘরাবাড়ি প্লাবিত হয় পানিতে। 

নগরীর দু নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, শুলকবহর, কাপাসগোলা, চন্দনপুরা, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক ও ঘরবাড়িতে রোববার সন্ধ্যা থেকেই পানি উঠতে শুরু করে। চান্দগাঁও থানার ভেতর রাতভর পানি ছিল। 

রোববার রাত থেকে জিইসি থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বলা চলে। রাস্তায় পানির কারণে বিকল হয়ে পড়ে ছিল অনেক গাড়ি। উড়ালসড়ক ও এর আরেশপাশে  কয়েকশ গাড়ির জ্যাম লেগে গিয়েছিল। 

গত কয়েকদিন ধরে নগরীর মানুষের রান্না-বান্নার প্রচণ্ড সমস্যা। শুক্রবার পানি ঢুকেছে অনেক বাড়িতে। এখনো পানি সরেনি।