ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
ভৈরব উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফারুক খাঁন নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক শহরের চন্ডিবের এলাকার মো. সালাম খাঁনের ছেলে। শুক্রবার রাতে ফারুক খাঁন ব্যবসায়ী কাজ শেষে ব্রাক্ষণবাড়ীয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় আশুগঞ্জ যান।
লকডাউনের কারণে তিনি গাড়ি না পেয়ে আশুগঞ্জ থেকে সড়ক সেতু দিয়ে পায়ে হেঁটে ভৈরব পৌঁছান। এরপর ভৈরবের রেলওয়ে স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে।
তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা জোর করে ছিনতাইকারীরা নিতে চাইলে ফারুক বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে একাধিক আঘাত করলে ফারুক খাঁন মাটিতে লুটিয়ে পড়েন।
এর পর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পথচারীদের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের খালাত ভাই আরিফ জানান, ঘটনার সময় আমি সঙ্গেই ছিলাম। চোখের পলকে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।