বস্তাবন্দি গলা কাটা শিশু আবু বক্করের খুনের আসামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় গত শুক্রবার রাতে গলা কাটা অবস্থায় বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধারের পর সাব্বির মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে দুপুরে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন ওই যুবক ।
গত শনিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে তাকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। সাব্বির মিয়া পেশায় মাছ কাটা শ্রমিক। মামলায় তার মা রাশি বেগম, বোন নীলিমা আক্তার ও রোবিনা আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দিপাড়া (মাইমল হাটি) মাসু মিয়ার বাড়ির টিউবওয়েলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর (৫) জেশা শহরের কান্দিপাড়া (মাইমল হাটি) এলাকার মো. হাসান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম।
গ্রেফতার সাব্বিরকে আদালতে হাজির করার পর সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। কারণ হিসেবে সে দাবি করে, এলাকার শিশুরা দলবদ্ধভাবে তাকে উত্যক্ত করতো। এরমধ্যে শিশু আবু বক্কর একটু বেশি করতো। তাই উত্তেজিত হয়ে সে এমন হত্যাকাণ্ড ঘটায় বলে আদালতকে জানায়।
পরে রাতেই রক্তমাখা ছুরি উদ্ধারসহ সাব্বির মিয়াকে গ্রেফতার করা হয়।
এদিকে, চট্টগ্রামে নৃশংসভাবে খুনের শিকার শিশু আলিনা ইসলাম আয়াতের ঘটনায় দেশব্যাপী চলছে আলোচনা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই খুনের ঘটনা ঘটলো।