বরিশালে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর রেকর্ড
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। একই সময়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৫৮ জন।
আজ (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৭ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে বরিশালে চারজন, ভোলায় তিনজন, পিরোজপুরে একজন, বরগুনার চারজন ও ঝালকাঠিতে তিনজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে।