ব্রাহ্মণবাড়িয়ায় ৪.৩ মাত্রার ভূমিকম্প, ঢাকাতেও অনুভূত
ভারত সীমান্তের কাছাকাছি অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩ এবং এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে প্রায় ২৩ দশমিক ২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভারতের আগরতলা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ত্রিপুরার রানিনগর থেকে ২৩ দশমিক ৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ৩৮ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবায়েত কবির জানান, ভূমিকম্পটির কেন্দ্র ঢাকা থেকে ১০৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত।
এর আগে, গত ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। ওই কম্পনের প্রভাবও বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রমবর্ধমান ভূমিকম্পের প্রবণতা বাংলাদেশের জন্যও একটি বড় সতর্ক সংকেত। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে, যা নগর পরিকল্পনা ও দুর্যোগ প্রস্তুতির ওপর নতুন করে গুরুত্বারোপ করছে।