ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল রক্ষার দাবি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী 'টাউল খাল' রক্ষায় গতকাল শনিবার (৩০ জানুয়ারি) সকালে মানববন্ধন হয়েছে। এ সময় খালটি রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
খালের সেতুর ওপর নদীবিষয়ক সামাজিক সংগঠন 'নোঙর' এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নোঙরের কেন্দ্রীয় সভাপতি শামস সুমন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, বাচিক শিল্পী মনির হোসেন, নোঙরের জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী প্রমুখ।
এ সময় খালের সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন, দখলদারদের তালিকা তৈরি ও উচ্ছেদ, নদীর তলদেশ সমান গভীরতায় খাল খনন ও নাব্যতা ফিরিয়ে এনে নৌ-চলাচলের ব্যবস্থাকরণ, খালের সৌন্দর্য বর্ধন করাসহ দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ এবং সিসি ব্লক অপসারণ করে প্রতিরক্ষা দেয়াল নির্মাণে দাবি জানানো হয়।