বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঁটি দিয়ে শিশু খুন: মা পুলিশি হেফাজতে

মোহাম্মদ খাইরুল আমিন 28 এপ্রিল 2025, 09:11 রাত 173 বার পঠিত
বঁটি দিয়ে শিশু খুন: মা পুলিশি হেফাজতে

সাতক্ষীরায় নিজের ঘুমন্ত দেড় বছর বয়সী শিশু খাদিজাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মা আসমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ২৪ বছর বয়সী আসমা খাতুন কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী এবং বাটরা গ্রামের আবদুল মাজেদের মেয়ে।

মামলার বিবরণ অনুযায়ী, মানসিক ভারসাম্যহীন আসমা খাতুনকে গত ২৪ এপ্রিল তার স্বামীর বাড়ি কুশোডাঙা গ্রাম থেকে বাবা আবদুল মাজেদের বাটরা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরের দিন দুপুর ১২টার দিকে আসমার মা আলেয়া খাতুন তাকে ডাক্তারের কাছে দেখানোর জন্য ভ্যান ডাকতে গেলে, সেই সুযোগে আসমা ঘরের বারান্দায় ঘুমন্ত শিশু খাদিজার গলা ধারালো বঁটি দিয়ে কেটে হত্যা করে।

এই ঘটনায় নিহত শিশুর চাচা কুশোডাঙা গ্রামের কামরুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার আসমার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আজ সোমবার সেই রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

কলারোয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নিকুঞ্জ রায় জানান, রিমান্ড শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আগামীকাল মঙ্গলবার আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে পুলিশি হেফাজতে আনা হবে।