বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪ নম্বরে
শীত শেষ হতে না হতেই রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে ৪ নম্বরে উঠে এসেছে ঢাকা। ঢাকার বাতাসের মানের স্কোর ১৯১, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় পাকিস্তানের লাহোর প্রথম, ভারতের দিল্লি দ্বিতীয়, এবং নেপালের কাঠমান্ডু তৃতীয় স্থানে রয়েছে। লাহোরের বাতাসের মানের স্কোর ২৬৭, দিল্লির ২২১ এবং কাঠমান্ডুর ২০৪।
আইকিউএয়ার সূচকে বাতাসের মানের স্কোর ৫০ এর নিচে হলে তা ভালো হিসেবে গণ্য হয়, ৫০ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’।
এ অবস্থায় আইকিউএয়ার ঢাকার বাসিন্দাদের জানালা বন্ধ রাখার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে। বায়ু দূষণের কারণে শিশু, প্রবীণ এবং অসুস্থদের বাড়ির ভিতরে থাকার এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।