বিশ্ববাজারে কমছে তেলের দাম
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাই তেলের দাম কমাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। পাশাপাশি গণপরিবহণের ভাড়া নিয়ে সড়কের নৈরাজ্য কমাতে হবে। এছাড়া ছাত্রদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
জিএম কাদের এমপি বলেছেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। সড়কে পরিবহণ শ্রমিকরা যাত্রীদের সাথে যে আচরণ করছে তা মেনে নেয়া যায় না। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অযুহাতে সড়ক পরিবহণ কর্র্তৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তারচেয়েও বেশি। এতে প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্তা হচ্ছেন সাধারণ যাত্রীরা, প্রতিবাদ করলে সইতে হয় অবর্ননীয় নির্যাতন। আবার ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই, ছাত্রী ও নারীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা।