বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে
করোনাভাইরাসের কারণে দেশে চলমান মেগা প্রকল্পগুলোতে প্রতিবন্ধকতা তৈরি হলেও স্বাস্থ্যবিধি মেনে ক্রমেই দৃশ্যমান হচ্ছে দেশের অ্যাভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। করোনাকালেও পুরোদমে এগিয়ে চলেছে নির্মাণকাজ।
সরেজমিন দেখা যায়, টার্মিনাল ভবন এলাকায় মাটি ও বালু ভরাট কাজ চলছে। পাঁচ কোটি ঘনফুটের মধ্যে দুই কোটি ঘনফুট বালু ও মাটি ভরাট করা হয়েছে। মেঘনা নদীর দাউদকান্দি এলাকা থেকে বালু এনে ভরাট করা হচ্ছে। মাটি ও বালু ভরাটে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
প্রায় তিন হাজার পাইলিংয়ের মধ্যে সাতশ’ পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি পাইলিংয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে কাজে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। সরকারের অগ্রাধিকার দেয়া এই মেগা প্রকল্পে স্বাস্থ্যবিধি মেনে দেড় হাজার শ্রমিক দিন-রাত কাজ করছে।
পাইলিং ও মাটি-বালু ভরাটসহ টার্মিনালের ৮ শতাংশ কাজ শেষ। শুরুর নয় মাসে কাজের সার্বিক অগ্রগতি ৮ শতাংশ। করোনায় প্রথম দিকে কাজ কিছুটা থমকে না গেলে সার্বিক অগ্রগতি আরো বেশি হতো বলে জানান সংশ্লিষ্টরা।