বিদেশে অর্থ পাচার: টিউলিপসহ জড়িতদের বিষয়ে ১২ দেশে দুদকের চিঠি
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 ফেব্রুয়ারি 2025, 08:51 রাত
•
287 বার পঠিত
দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকসহ বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহে ১২টি দেশে চিঠি পাঠিয়েছে। আজ (রোববার) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, "টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। টিউলিপ ছাড়াও অর্থ পাচারে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।"
দুদক সূত্র জানায়, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে মোট ১২টি দেশে ৭১টি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৭টির জবাব পাওয়া গেছে। দুদক সংশ্লিষ্ট দেশের প্রতিক্রিয়া ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।