বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বগুড়ায় হবে ৪০০ একরের শিল্পপার্ক: বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 08 আগস্ট 2026, 12:06 দুপুর 83 বার পঠিত
বগুড়ায় হবে ৪০০ একরের শিল্পপার্ক: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

সামনের শীতেই এর কাজ শুরুর উদ্যোগ নেওয়ার তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য দেন বলে শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

বগুড়ায় দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের ‘অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র’ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে দাবি করে আব্দুল মুক্তাদির বলেন, “বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।”

তিনি বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন শিল্প স্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদন বৃদ্ধি ও অর্থায়ন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা সফলভাবে পরিচালনা করা কঠিন। উৎপাদন খরচ কমিয়ে পণ্যকে প্রতিযোগিতামূলক করতে হলে একদিকে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে হবে, অন্যদিকে অর্থায়নের খরচ কমাতে হবে।”

শিল্প উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস সংযোগ সহজ করা ও কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত শিল্পপার্কে শিল্প উদ্যোক্তাদের জন্য শুধু অবকাঠামো তৈরি করেই দায়িত্ব শেষ করা হবে না। সেখানে কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ মেয়াদে টেকসই করার উদ্যোগ নেওয়া হবে।

শিল্পপার্কে প্রকল্প স্থাপনকারী উদ্যোক্তারা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল উপস্থিত ছিলেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে জেলার সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের জায়গা ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী।