বদলে গেল অফিসের সময়সূচি, কমলো কর্মঘণ্টা
কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দিয়েছে সরকার। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এতদিন সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতেন।
এছাড়া এখন থেকে ব্যাংকের কাজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এতদিন ব্যাংকের দাপ্তরিক কাজের সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত তুলে ধরেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’’
অফিসের সূচি বদলের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
তবে কোন দুই দিন স্কুল বন্ধ থাকবে তা শিক্ষামন্ত্রী পরে ঘোষণা করবেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।