বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন 02 ফেব্রুয়ারি 2026, 02:29 দুপুর 181 বার পঠিত
ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ভাগ্নি আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এ দুই মামলার রায়ে রাজউককে এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খান মো. মঈনুল হাসান লিপন।

মামলা দুটির একটি আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে, অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে। তাদের দেওয়া হয়েছে সাত বছর করে কারাদণ্ড।

তাদের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে ১০ বছর এবং তাদের বোন ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছর করে ৪ বছর কারাদণ্ড হয়েছে।

দুদকের দায়ের করা এ দুই মামলাতেই ১৮ জন করে আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমের এক বছর করে ২ বছর সাজা হয়েছে। বাকি আসামিদের দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

রায়ের সময় খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। হাসিনা, রেহানা, টিউলিপসহ বাকিদের পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি।