বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশায় সালমান এফ রহমান
বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব। বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিত্সা, পর্যটনসহ বিভিন্ন খাতে সউদী বিনিয়োগ বৃদ্ধি পাবে।
জানা গেছে, বাংলাদেশে সউদী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে ২৮ অক্টোবর এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সউদী আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সউদী সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) উপস্থিত ছিলেন।