বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও বিদেশ ভ্রমণ বন্ধ
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে গেল কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর। এর আগে জারি করা বিদেশ ভ্রমণের সব আদেশ বাতিল করা হয়েছে। নতুন করে সফর বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে।
তাই কেন্দ্রীয় ব্যাংকের টাকায় বিদেশ ভ্রমণের এখন আর কোনো সুযোগ রইল না কর্মকর্তা-কর্মচারীদের। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নেও নতুন করে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র থাকলো না। ব্যাংকের সবার বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ এক নির্দেশনায় বন্ধ হয়ে গেল।
তবে দুটি ক্ষেত্র এর বাইরে। চিকিৎসা ও হজ পালন। কেউ চাইলে নিজস্ব টাকায় চিকিৎসা ও হজ করতে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
গত ১২ মে অর্থ মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। সেদিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের সব ধরনের ভ্রমণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য বিদেশ সফর বন্ধের নির্দেশ দেয় সরকার।
এর ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধেরও নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়। সোমবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ এক পরিপত্র জারি করে।