বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

বাঙালি মুসলমানের হজযাত্রার আদ্যোপান্ত

মোহাম্মদ খাইরুল আমিন 11 মে 2026, 05:07 বিকাল 76 বার পঠিত
বাঙালি মুসলমানের হজযাত্রার আদ্যোপান্ত

হজ মুসলমানের আবেগ ও ভালোবাসার বিষয়। আল্লাহপ্রেমী বান্দারা পবিত্র হজব্রত পালনের মাধ্যমে আল্লাহপ্রেমের সুবাস ও প্রিয় নবীজি (সা.)-এর সাণ্নিধ্যের সৌরভ লাভ করে। পবিত্র কাবা ঘরের তাওয়াফ এবং রওজা পাকের জিয়ারত মুসলমানের পরম আরাধ্য। মুসলমান মাত্রই হজ ও জিয়ারতের স্বপ্ন দেখে, তা হূদয়ে লালন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করে। পবিত্র এই স্বপ্ন পূরণের জন্য প্রতিবছর পৃথিবীর নানা প্রান্ত থেকে মক্কা-মদিনায় ছুটে আসে লাখ লাখ মুসলমান। বাঙালি মুসলমানরাও যুগ যুগ ধরে এই স্বপ্নযাত্রার অংশিদার। শত শত বছর যাবত বাঙালি মুসলমানরাও তাদের হৃদয়ের আবেগ-আকুতি নিয়ে ছুটে যায় পবিত্র ভূমিতে। তারাও আল্লাহ ও রাসুলের ভালোবাসায় উপেক্ষা করে চরম প্রতিকূলতা ও শত প্রতিবন্ধকতা। কিন্তু দুঃখজনক সত্য হলো, বাঙালি মুসলমানের সেই আত্মদানের ইতিহাস তুলনামূলক উপেক্ষিত হয়েছে বইয়ের পাতায় ও জ্ঞানচর্চায়। শেকড় সন্ধানী লেখক ও গবেষক ড. মোহাম্মদ হাননান এই শূন্য পূরণে এগিয়ে এসেছেন। তাঁর সদ্যপ্রাকিশত গ্রন্থ ‘বাঙালি মুসলমানের হজযাত্রা’ সেই প্রয়াসেরই অংশ।

ড. মোহাম্মদ হাননান একজন জাতগবেষক ও চিন্তক লেখক। তাঁর প্রকাশিত বইগুলো বাঙালি মুসলমানের প্রতি তাঁর দায় ও দরদের সাক্ষ্য দেয়। তিনি প্রাচীন বাংলায় মুসলিম আগমন থেকে শুরু করে বাঙালির মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা পর্যন্ত বিবিধ বিষয়ে কলম ধরে বাঙালি লেখকদের দায়মুক্ত করেছেন। দায়মুক্ত করেছেন বলছি এজন্য যে, তাঁর বইগুলো গবেষণাধর্মী ও দালিলিক, এতে লেখকের গভীর পাণ্ডিত্য ও অনুসন্ধিত্সার প্রমাণ পাওয়া যায়। বাঙালি মুসলমানের হজযাত্রা বইও তাঁর ব্যতিক্রম নয়। ১২টি অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ে লেখক মক্কা-মদিনার সঙ্গে বাঙালি মুসলিম জনসাধারণ ও শাসকদের সম্পর্ক, তাদের হজযাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট, হাজিদের বয়স ও বৈশিষ্ট্য, ভৌগলিক ও রাজনৈতিক সুবিধা-অসুবিধা, আধুনিককালের হজচিত্র ইত্যাদি বিষয়ে আলোকপাত করেছেন। বইয়ের বিষয় বৈচিত্র্য থেকে লেখকের চিন্তার বিস্তৃত পরিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আশা করি, বইটি সাহিত্যানুরাগী ও ইতিহাসপ্রেমীদের তৃপ্ত করবে।