বাজেট অধিবেশন আজ
জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৭ দিন বিরতির পর আজ মঙ্গলবার আবার বসছে। তবে চলমান এই অধিবেশনে থাকছেন না সব এমপি। শুধুমাত্র করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিরাই এতে যোগ দিতে পারবেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সংসদ অধিবেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশের আগে এবার মন্ত্রী-এমপিদের করোনা আছে কিনা সেই নমুনা পরীক্ষা করা হবে। বিশেষ করে প্রবেশাধিকার পেতে সব এমপিদের লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট।
বাজেট সংক্রান্ত আগামী চারটি বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে এমন ১৭০ জন এমপির করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে দেয়া হয়। সংসদ সচিবালয় জানায়, এরইমধ্যে মন্ত্রী-এমপিদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গত শনিবার ২০ জন, রবিবার ৪৫ জন ও সোমবার ২৬ জনের নমুনা নিয়েছে সংসদ মেডিকেল সেন্টার। বাকিদের পরীক্ষাও শেষ করা হবে বলে জানা গেছে। শনিবারের পরীক্ষার ফলাফলে ২০ জনের কারোই পজিটিভ আসেনি। সবাই সুস্থ আছেন। তবুও বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব এমপি অংশ নেবেন, তাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে।
করোনার ঊর্ধমুখী সংক্রমণের মধ্যেই ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছে। অন্যান্য বছর বাজেটের ওপর আলোচনা মাসব্যাপী হলেও এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ করা হয়েছে। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে তিন দিন ২৩, ২৪ ও ২৯ জুন। ৩০ জুন বাজেট পাসের পর জুলাই মাসে হয়তো একদিন সংসদে বৈঠক করে অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে।