বাজারে দেশি লিচুর দাম কম, হতাশ বাগান মালিক-চাষিরা
জৈষ্ঠের শুরুতে পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় দেশি (মোজাফফর) জাতের লিচু নামানো শুরু হয়েছে। অনেকটা ব্যস্ত সময় পার করছেন লিচু চাষি ও বাগান মালিকরা।
কিন্তু জানা যায় লিচুর দাম কম হওয়ায় হতাশ তাঁরা।
এবারে কৃষি কর্মকর্তাদের বাড়তি নজর থাকায় লিচুর ছত্রাকজাতীয় পোকামাকড় এবং রোগবালাই কম হওয়াতে লিচুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়া, চলতি গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ও দেরিতে বৃষ্টির কারণে দেশি জাতের লিচু ফেঁটে যাওয়ার উপক্রম হয়েছে। এ কারণে লিচু চাষি, বাগান মালিকরা অনেকটা একই সময়ে লিচু নামিয়ে বাজারজাত শুরু করেছেন। এতে দাম তেমন পাবেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এদিকে বাগান মালিকরা জানান, জৈষ্ঠের শুরুতেই ঝড়-বৃষ্টি হলে লিচু চাষি কৃষকের অনেকটা ক্ষতি হবে। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে লিচুচাষি ও বাগান মালিকরা গাছ থেকে দেশি জাতের লিচু নামানো শুরু করেছেন।
ঈশ্বরদীতে মোজাফফর (দেশি), বোম্বাই ও চায়না-৩ এ তিন প্রজাতির লিচু চাষ হয়। এর মধ্যে বোম্বাই ও চায়না-৩ লিচু গাঢ় সবুজ থেকে লালচে হওয়া শুরু হয়েছে। এগুলো পরিপক্ব হতে আরও সপ্তাহখানেকেরও বেশি সময় লাগবে। কিন্তু এ রকম বৈরী আবহাওয়া থাকলে লিচুর উৎপাদন ভালো হবে না বলেও জানান তারা।
চলতি মৌসুমে অতিরিক্ত গরমের কারণে উপজেলায় যে লক্ষ্যমাত্রা ছিল, তা ব্যাহত হতে পারে। ২৫০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করলে আর লিচুর দাম যদি বেশি না হয় তবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।