বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৩
নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা করার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বাবার কোলে থাকা অবস্থায় ৩ বছরের শিশু তাসফিয়া আক্তার জান্নাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ওই ঘটনায় যাদের পুলিশ আটক করেছে তারা হলেন- বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে এমাম হোসেন ওরফে স্বপন (৩০), উপজেলার লফিতপুর চৌধুরী মাস্টার বাড়ির সামছুদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাবর (২৩), লতিফপুর গ্রামের ছাদেক মেম্বারের পুরান বাড়ির দেলেয়োর হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন (১৭)।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জের নানা স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ ঘটনায় তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বুধবার বিকেল চারটার দিকে বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান নামের স্থানে গোলাগুলি হয়। মাওলানা আবু জাহেরের (৩৭) কোলে থাকা ৩ বছরের শিশু জান্নাতকে স্থানীয় রিমন বাহিনীর সন্ত্রাসীরা গুলি করে। একাধিক গুলিবিদ্ধ হয়ে জান্নাত মারা যায়।