বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আওয়ামী লীগের আয় বেড়ে দ্বিগুণ

মোহাম্মদ খাইরুল আমিন 31 জুলাই 2022, 12:37 দুপুর 473 বার পঠিত
আওয়ামী লীগের আয় বেড়ে দ্বিগুণ

বিএনপির আয়ের চেয়ে কোটি টাকা ব্যয় বেশি। কিন্তু উল্টো ঘটনা আওয়ামী লীগে। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও ক্ষমতাসীন দলটির আয় বেড়ে দ্বিগুণ হয়েছে। আগের বছরের চেয়ে ব্যয় কমেছে এক তৃতীয়াংশ। আর তাতে তাদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি টাকার বেশি।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে দলের বার্ষিক হিসাব প্রতিবেদন জমা দেন। সেখানে এসব তথ্য উঠে আসে। 


তাদের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১৬৬ টাকা। এটা আগের বছরের তুলনায় ১০৫ শতাংশ বেশি। করোনা মহামারীর প্রথম বছর মানে ২০২০ সালে তারা ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা আয় দেখিয়েছিল। 

কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান জানান, মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি এবং সম্পত্তি থেকে আওয়ামী লীগের আয় হয়। মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি থেকে আয় বাড়ায় এবার মোট আয় বেড়েছে।

২০২১ সালে দলটির তহবিল থেকে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা ব্যয় দেখানো হয়েছে। এটা আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ কম। 

এসব টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠনের পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয় হয়েছে বলে জানানো হয়।

২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের তহবিলে স্থিতি ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। আগের বছরের আর্থিক প্রতিবেদনে স্থিতি দেখানো হয়েছিল ৫০ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা। অর্থাৎ এক বছরে আওয়ামী লীগের তহবিলে জমা বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।