বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আসামির দায়ের কোপে পুলিশের কবজি বিচ্ছিন্ন

মোহাম্মদ খাইরুল আমিন 15 মে 2022, 04:31 দুপুর 227 বার পঠিত
আসামির দায়ের কোপে পুলিশের কবজি বিচ্ছিন্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক আসামির দায়ের কোপে হাতের কবজি হারিয়েছেন একজন পুলিশ সদস্য। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে। 

একটি মামলার আসামি কবির আহমদ। তাকে ধরতে আজ সকালে এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পদুয়া লালারখিল এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে তাদের ওপর হামলা চালায় আসামি পক্ষের লোকজন। আসামি পক্ষের লোকের ধারালো দায়ের আঘাতে এই সময়ে পুলিশ কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

আরেক কনস্টেবল শাহাদাত ও মামলার বাদী মো. আবুল হোসেন কালুও এই সময় আহত হন। আহত পুলিশ সদস্য জনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আসামি কবির আহমদকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।