বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরও ৪ জেলায় রেড জোন ঘোষণা: ২১ দিনের সাধারণ ছুটি

অনলাইন নিউজ পোর্টাল 23 জুন 2020, 11:58 রাত 275 বার পঠিত
আরও ৪ জেলায় রেড জোন ঘোষণা: ২১ দিনের সাধারণ ছুটি

দেশের আরো চার জেলায় বেশি করোনাভাইরাস সংক্রমিত কিছু এলাকাকে রেড জোন ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় রেড জোন ঘোষণার পরবর্তী ২১ দিন সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ।

এর মধ্যে কক্সবাজারের কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড; রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার এবং পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার ২০ জুন রেড জোন ঘোষণা করা হয়। এই এলাকাগুলোতে লকডাউন চলবে ১১ জুলাই রাত ১২টা পর্যন্ত আর সাধারণ ছুটি ২৪ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ।

মাগুরায় ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর সড়ক সংলগ্ন মাগুরা পৌরসভার একতা কাঁচাবাজার এবং ভায়না মোড়ের দক্ষিণে ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়া এলাকা আগামী ১১ জুলাই পর্যন্ত রেড জোন থাকবে। ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

খুলনায় খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এলাকাকে ২২ জুন রেড জোন ঘোষণা করা হয়েছে। ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এসব স্থানে সাধারণ ছুটি।

হবিগঞ্জে সদর উপজেলার বাহুবল ইউনিয়নকে গত ১৮ জুন থেকে পরের ২১ দিনের জন্য রেড জোন ঘোষণা করা হয়। সাধারণ ছুটি থাকবে আগামী ৯ জুলাই পর্যন্ত।

এ নিয়ে ১৯ জেলার ৪৫টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল।