আরো ৮০ পয়সা কমল টাকার মান
আবার টাকার মান কমল। বাংলাদেশ ব্যাংক আবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। এবার কমেছে ৮০ পয়সা। এক সপ্তাহ আগেই কমেছিল ২৫ পয়সা। আজ সোমবার নতুন করে নির্ধারিত বিনিময় মূল্য অনুযায়ী এক ডলার সমান ৮৭ টাকা ৫০ পয়সা হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে ফের ডলারের দাম বাড়ায় লাভবান হবে প্রবাসীরা আর রপ্তানিকারকরা। কিন্তু আমদানিকারকদের খরচ আরো বাড়ল।
গত ৯ মে শেষবার ডলারের বিনিময়মূল্য বাড়ানো হয়েছিল। সেদিন ২৫ পয়সা কমেছিল টাকার দাম। ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৭০ পয়সা। তার মাত্র সপ্তাহ দুয়েক আগেই আরেকবার টাকার মান পড়ে। ২৭ এপ্রিল ডলারের দাম বাড়ানো হয় ২৫ পয়সা। ১ ডলারের বিনিময়মূল্য হয় ৮৬ টাকা ৪৫ পয়সা।
এই বছর ঢের বেড়েছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। ২৩ মার্চ আরো ২০ পয়সা বাড়িয়ে এক ডলারের দাম ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল।
খোলাবাজারে ডলারের দাম অবশ্য ৮৭/৮৮ টাকায় নেই। সেটা ৯০ টাকা ছাড়িয়েছে বেশ আগে। ৯৩ টাকার বেশি খোলাবাজারে এখন এক ডলারের দাম। আর আমদানির এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৫–৯৬ টাকায়।