আজ ঢাকা আসছেন ব্রিটিশ এমপি অলক শর্মা
জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন-কপ২৬-এর প্রেসিডেন্ট এবং ব্রিটিশ এমপি অলক শর্মা দুইদিনের সফরে আজ বুধবার ঢাকা আসছেন। বাংলাদেশের সঙ্গে জলবায়ু ইস্যুতে বৈশ্বিক সহযোগিতা বিষয়ে অলক শর্মার এই সফরটিকে কূটনীতিকরা গুরুত্বপূর্ণ বলছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি গত এপ্রিলে ঢাকা সফর করেন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এক বার্তায় বলেন, ‘কপ২৬-এর প্রেসিডেন্ট এবং ব্রিটিশ এমপি অলক শর্মার সফরটি জলবায়ু ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জলবায়ুবিষয়ক ক্ষতি মোকাবিলা করতে চাই। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আজ অলক শর্মার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। অলক শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিটিশ এই আইন প্রণেতার।