আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
আজ ১০ জানুয়ারি ২০২২; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এ দিনে তিনি পাকিস্তানের বন্দী দশা থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লী হয়ে ১০ জানুয়ারি ঢাকা ফেরেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহিদ মনিরুল আলম মিলনায়তন থেকে সকল টেলিভিশন চ্যানেল, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে বাবা ও মাকে নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করা হবে। আলোচনা পর্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্বন্ধে আলোচনা করা হবে।
দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠন।