আজ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী
অনলাইন নিউজ পোর্টাল
•
23 জুন 2021, 07:59 সকাল
•
825 বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে সীমিত আয়োজনে জনসমাগমের কর্মসূচি এড়িয়ে ডিজিটাল মাধ্যমে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।