আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
আগামীকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর এই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেয়া হবে অনলাইনে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।
তবে এরআগে সারাদেশে গত ১৪ নভেম্বর থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়। এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
যেভাবে ঘরে বসে সহজেই জানতে পারবেন এসএসসির ফল
গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।
অন্যদিকে বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে ৯টি কেন্দ্র হলো- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।