আগামী দিন ‘ভালোই হবে’, আশাবাদী ত্রিবেদী
চব্বিশের অভ্যুত্থানের পর তলানিতে পৌঁছানো বাংলাদেশ-ভারত সম্পর্ক আগামী দিনে ভালোর দিকেই যাবে বলে আশাবাদী ভারতের নতুন হাই কিমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেছেন, "আমি বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি, এমন কোনো ইস্যু নাই যা আমরা বসে সলভ করতে পারি না।"
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাত করার পর সাংবাদিকদের মুখোমুখি হন ত্রিবেদী। তার আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে ভারতের হাই কমিশনার বলেন, "আমি খুবই আনন্দিত। উনার সঙ্গে আমার দেখা হল। আর দেখা হওয়ার সাথে সাথে মনে হয়নি যে প্রথমবার আমি দেখা করছি। খুবই ভালো, খুবই হাম্বল, অন দ্যা গ্রাউন্ড।”
হাই কমিশনার আশা প্রকাশ করেন, "আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে।”
আলোচনার মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান করার আশা প্রকাশ করে দীনেশ ত্রিবেদী বলেন, “পিপল টু পিপল আলোচনা হবে। উই আর লুকিং ফরওয়ার্ড। আমি আগেও বলেছি, ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী সামনের দিকে তাকিয়ে আছেন এবং আমরা ইতিবাচরক।
“দুজন লিডার একসাথে বসলে আলোচনা হবে। ডেমোক্রেসিতে ইস্যুজ থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না।"
তিনি বলেন, “আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, সেটা ভালো সম্পর্ক।
"আর সম্পর্ক ভালো হলে.... আমাদের যা সিচুয়েশন হিস্টোরিক্যালি, ওটা তো আপনি বদলাতে পারবেন না। নেইবার তো বদলাতে পারবেন না।"
হাই কমিশনার বলেন, " ইস্যুটা সর্ট আউট করতেই হবে। আই অ্যাম ভেরি কনফিডেন্ট, আই অ্যাম ভেরি ভেরি কনফিডেন্ট।”